টেকনাফে দুই ডাকাত দলের বন্দুকযুদ্ধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় গতকাল রোববার ভোররাতে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে সৈয়দ নুর ওরফে সোনা মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, গতকাল ভোরে দমদমিয়া পাহাড়ি এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশের একটি দল সেখানে গিয়ে জানতে পারে, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ২০-২৫টি ফাঁকা গুলি করে পাশের পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পরে থানায় নিয়ে গেলে স্থানীয় লোকজন লাশটি হ্নীলার উলুচামরীর সৈয়দ নুর ওরফে সোনা মিয়ার বলে শনাক্ত করেন। ওসি বলেন, ডাকাতির মালামাল ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে এই বন্দুকযুদ্ধ হতে পারে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক, ছয়টি গুলি ও একাধিক কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, নিহত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা আছে।