টেকনাফে দুই লাখের বেশি ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বস্তায় ভরা অবস্থায় দুই লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের আবদুল গফুর শরীফের চিংড়ি খামার এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ইয়াবাগুলো নষ্ট করা হবে।

বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে আবদুল গফুর শরীফের চিংড়ি খামার এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা হবে—এমন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা খামারের বেড়িবাঁধের ওপর ইয়াবা ভরা বস্তা ফেলে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি সদস্যরা বস্তাটি উদ্ধার করলে সেখান থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।