টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে আহত ১
দুর্বৃত্তের গুলিতে নূর মোহাম্মদ নামের এক মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মোটরসাইকেলটি পড়ে গেলে এর চালক মুফিজ আলম নামের অপর এক ব্যক্তি আহত হন। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজনই উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের বাসিন্দা। নূর মোহাম্মদকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, শনিবার রাতে নূর মোহাম্মদ ও মুফিজ আলম মোটরসাইকেলযোগে হ্নীলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি লেদা রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন এবং তাঁরা দুজন মাটিতে পড়ে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় নূর মোহাম্মদ ও আহত মুফিজ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল আলম বলেন, নূর মোহাম্মদের পিঠে ১০টি গুলির চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মুফিজ আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।