টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য নিহত
কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী বাজার এলাকায় তাঁর ওপর হামলা হয়। হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত মো. শফিক হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।
এলাকাবাসী সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে রঙ্গিখালী বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন মো. শফিক। এ সময় অস্ত্রধারীরা এসে এলোপাতাড়ি ২০-২৫টি গুলি ছুড়ে। এতে তাঁর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, ইউপি সদস্য শফিকের শরীরে ১৩টি গুলির চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
ইউপি সদস্যের বাবা কবির আহমেদ জানান, এলাকায় তাঁর ছেলের সঙ্গে একটি পক্ষেরবিরোধ ছিল। এ ঘটনার জের ধের তাঁরা শফিককে গুলি করে হত্যা করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য মো. শফিককে লক্ষ্য করে গুলি করা হয়েছে।