টেকনাফে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে গত শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিল মোহাম্মদ (৩৮) নামের এক জেলে নিহত হয়েছেন।
দিল মোহাম্মদের বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তরপাড়ায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে শাহপরীর দ্বীপের বাজারপাড়া বরফকলের উত্তর পাশে দিল মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবির টহল দল। ওই সময় বিজিবির সদস্যরা তাঁকে উদ্ধার করে জেটিঘাটে নিয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন দিল মোহাম্মদকে শনাক্ত করেন। পরে স্বজনেরা দিল মোহাম্মদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, দিল মোহাম্মদের শরীরে ছোরার তিনটি আঘাতের চিহ্ন আছে।
দিল মোহাম্মদের স্ত্রী সেতারা বেগম বলেন, কিছুদিন আগে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার মানবপাচারের দালাল ও ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম, নুর কালাম, শামসুল আলম ওরফে শামীম, আবদুর রহমান, সৈয়দ কালাম, মো. আলম, মো. শাকেরের সঙ্গে দিল মোহাম্মদের কথা-কাটাকাটি হয়। ওই সময় তারা দিল মোহাম্মদকে হত্যার হুমকি দেয়। গত ২৫ এপ্রিল পুলিশ সুনামগঞ্জের মাদ্রাসার দুই ছাত্রসহ তিনজন উদ্ধার ও শামীমকে গ্রেপ্তার করে। ওই ঘটনাকে কেন্দ্র করে শামসুল আলমের লোকজন গত শনিবার রাতে দিল মোহাম্মদকে মুঠোফোনে ডেকে নেয়। কিছুক্ষণ পরে দিল মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার ভোরে পুলিশ একই এলাকার বাসিন্দা মো. আলমকে (৩০) গ্রেপ্তার করেছে।