টেকনাফে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্টেশনের আবু হানিফ মার্কেটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় সংবাদকর্মী গিয়াস উদ্দিন ভুলু (২৩) গুরুতর আহত হয়েছেন।
গিয়াস উদ্দিন ভুলু কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার টেকনাফ প্রতিনিধি। এ সময় দুর্বৃত্তরা প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের দুটি এবং আজকের কক্সবাজার-এর আবুল আলী, দৈনিক কক্সবাজারবাণীর নুর হোসেন ও সকালের খবর পত্রিকার টেকনাফ প্রতিনিধি আমান ওয়াহিদের একটি করে মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় আবু হানিফ মার্কেটের দ্বিতীয় তলায় ‘মনোয়ারা কম্পিউটার’—এ প্রথম আলোর প্রতিনিধি গিয়াস উদ্দিনসহ কয়েকজন সংবাদকর্মী বসা ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে যান গিয়াস উদ্দিন ভুলু। তিনি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে সাতজন মুখোশধারী লাঠিসোঁটা নিয়ে ভুলুকে মারতে থাকে। একপর্যায়ে ভুলু মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা সংবাদকর্মীদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সংবাদকর্মীরা জানান, দুর্বৃত্তের হামলায় ভুলুর হাত-পা ভেঙে গেছে। তাঁকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভুলুকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
টেকনাফ থানার ওসি মোকতার হোসেন বলেন, কয়েক দিন আগে টেকনাফ উপজেলা বিএনপির দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে বিএনপির একটি পক্ষ ভুলুর ওপর ক্ষুব্ধ ছিল। এ কারণে হামলার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।