টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (২০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার আবদুস সালাম ফকিরের ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এলএলবির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ সদরের হাজমপাড়া বাজারে দেলোয়ার হোসেনের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। তাঁকে পেছন থেকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জাকারিয়া বলেন, হাসপাতালে নেওয়ার আগেই দেলোয়ারের মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।