টেকনাফে নারীসহ মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ মানব পাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ও হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রেহেনা আক্তার ও মোহাম্মদ উল্লাহ। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
পুলিশের ভাষ্য, গতকাল ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়ার মোহাম্মদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর স্ত্রী রেহেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারীদের মধ্যে দুজনের নাম রয়েছে।
পুলিশের আরেকটি দল গতকাল ভোরে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারীদের মধ্যে তাঁর নাম রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, রেহেনা আক্তারের বিরুদ্ধে দুটি ও মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।