
নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে নয় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত নৌকাটিও। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইয়াবা উদ্ধারের বিষয়টি জানান কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন ঘাঁটির অধিনায়ক লে. কমান্ডার এস এম মাঈন উদ্দিন।
উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানান টেকনাফের স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান। তিনি বলেন, টেকনাফে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান এটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিসংলগ্ন এলাকায় নাফ নদীতে অবস্থান নেয়। পরে মিয়ানমার থেকে আসা একটি নৌকা নাফ নদীর মোহনায় পৌঁছার পর দূর থেকে আলো ফেলে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় নৌকাটি সংকেত উপক্ষো করে পালানোর চেষ্টা চালায়। পাচারকারীরা নৌকাটি শাহপরীর দ্বীপের বদরমোকাম এলাকার নোঙর করে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা ছয়টি বস্তা উদ্ধার করে পলিথিনে মোড়ানো অবস্থায় নয় লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।
এত বড় ইয়াবার চালান জব্দের ঘটনায় কেন পাচারকারীরা ধরা পড়েনি তা জানতে চাইলে লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি পাচারকারীদের আটক করতে। কিন্তু তখন (মঙ্গলবার) অমাবস্যার অন্ধকার ছিল। এ ছাড়া কূলে কাদার মধ্যে নোঙরের পর পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ইয়াবা প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি স্থানীয় মানুষকেও সচেতন হতে হবে।