কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ও গতকাল শনিবার ভোরে টেকনাফ মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি হলো উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনারপাড়ার মো. ইলিয়াছ, নুরুল ইসলাম, পৌরসভার পুরান পল্লানপাড়ার মো. মুছা, শাহপরীর দ্বীপ বাজারপাড়ার জাহাঙ্গীর আলম ও টেকনাফ সদরের মো. আবদুল্লাহ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মানব পাচারকারী নিহতের ঘটনায় মামলা হয়েছে।
মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, শুক্রবার রাতে থানার এসআই গোলাম কিবরিয়া বাদী হয়ে পুলিশের ওপর হামলা, হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।