টেকনাফে পাঁচ দালালসহ আটক ৯
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার পাঁচজন মানব পাচারকারী দালালসহ নয়জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
বিজিবি ও পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ এসেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে দমদমিয়া বিওপির চেকপোস্টে নায়েক সুবেদার ফুল মিয়ার নেতৃত্বে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মানব পাচারকারী দালালসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন সিরাজগঞ্জের আবদুল মন্নান (৩৫), উখিয়ার নূরুল আবছার (১৮), সোনাগাজীর মো. আবুল খায়ের (৩৩), মো. সবুজ (২৮) ও মো. সিরাজ (৪০)।
অন্যদিকে, একই দিন ভোরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেনের নেতৃত্বে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার কাঁটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজন তালিকাভুক্ত মানব পাচারকারী দালালসহ একজন যাত্রীকে আটক করা হয়।
দালালরা হলেন কাঁটাবনিয়ার মো. জামাল হোসেন (৪৫), নুরুল আলম (২৮) ও জমিলা খাতুন (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জের মোস্তফা কামাল (২২)। জানতে চাইলে টেকনাফে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আটক ব্যক্তিদের থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়।