টেকনাফে পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখম
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় গতকাল শুক্রবার পাঁচজন সাংবাদিককে কুপিয়ে জখম করেছেন ইয়াবা ব্যবসায়ীরা।
আহত সাংবাদিকেরা হলেন সময় টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সুজাউদ্দিন (২৭) ও ভিডিও চিত্রগ্রাহক ফরাজ উদ্দিন (২২); ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম (৩০) ও ভিডিও চিত্রগ্রাহক মো. শরীফ (২৭) এবং একাত্তর টেলিভিশনের ভিডিও চিত্রগ্রাহক বাবু কান্তি দে (২৯)। হামলাকারীরা তাঁদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যান। এ ছাড়া সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসেও ভাঙচুর চালানো হয়।
আহত সাংবাদিক সুজাউদ্দিন বলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ইয়াবার বিস্তার নিয়ে প্রতিবেদন করতে তিনিসহ পাঁচ সাংবাদিক গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকায় যান। তখন নাজিরপাড়ার বাসিন্দা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নূরুল হক ওরফে ভুট্টোর নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর আলম দ্বীন প্রথম আলোকে বলেন, আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।