টেকনাফে পুলিশের তথ্যদাতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মো. সেলিম ওরফে মুন্ডি সেলিম (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. সেলিমের বাড়ি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ায়। পুলিশ জানায়, তিনি পুলিশের তথ্যদাতা (সোর্স) ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মো. সেলিম এবং একই এলাকার রবিউল ওরফে কালাইয়া ও মো. ফয়েজ পৌরসভার মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ডাকাত সরদার আবদুল হাকিমের নেতৃত্বে সাত-আটজন দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা কয়েকটি ফাঁকা গুলি করে। পরে দুর্বৃত্তরা সেলিমকে পাশের খালপাড়ে ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সেলিমের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মান্নান জানান, সেলিমের মাথা, ঘাড় ও পিঠে দায়ের আঘাতের চিহ্ন আছে। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, এ ঘটনায় সেলিমের ছোট ভাই মো. জসিম ডাকাত সরদার আবদুল হাকিমকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওসি জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. আবু হারেছকে গ্রেপ্তার করা হয়েছে।