টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে সদর ইউনিয়নের হাবিরছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ভাষ্য, মোহাম্মদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়ার গ্রামের বাসিন্দা। তিনি ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক, ডাকাতি, হত্যাসহ চারটি মামলা আছে। ঘটনাস্থল থেকে দেশে তৈরি তিনটি বন্দুক, ১২টি গুলি ও দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ, কনস্টেবল ফাহিম ও মাসুদ গুলিতে আহত হয়েছেন।

ওসি প্রদীপ কুমার দাস বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদ হোসেনকে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ডাকাতি ও ইয়াবা ব্যবসার স্বীকারোক্তি দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায়। তাঁর সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করলে পুলিশের একজন এএসআই ও দুই সদস্য গুলিতে আহত হন। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে আটক মোহাম্মদ হোসেন পালাতে গিয়ে উভয় পক্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। মোহাম্মদ হোসেন ও আহত তিন পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কক্সবাজার নেওয়ার পথে মোহাম্মদ হোসেন মারা যান। নিহত ব্যক্তির লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক প্রণয় রুদ্র প্রথম আলোকে বলেন, পুলিশের তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ মোহাম্মদ হোসেনে শরীরের বিভিন্ন স্থানে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।

গত বছরের ৪ মে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হয়। এ নিয়ে র‌্যাব, পুলিশ ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে কক্সবাজার জেলায় ৭৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জন রোহিঙ্গাসহ শুধু টেকনাফে নিহত হয়েছেন ৫১ জন।