টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ মফিজ আলম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, মফিজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং পচাখালী সেতুসংলগ্ন এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদ উল্লাহ, কনস্টেবল মনির হোসেন ও রুবেল মিয়া আহত হয়েছেন।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে চারটি দেশীয় অস্ত্র (এলজি), নয়টি তাজা কার্তুজ, ১১টি কার্তুজের খোসা ও তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

মফিজের বাড়ি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামে। পুলিশের ভাষ্য, মফিজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আছে। তিনি পলাতক ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, গতকাল রাত দেড়টার দিকে হোয়াইক্যং পচাখালী সেতুসংলগ্ন এলাকায় কয়েকজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা বেচাকেনা করছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযানে যায়। ইয়াবা ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে এএসআই অহিদ, কনস্টেবল মনির ও রুবেল আহত হন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে মফিজ গুলিবিদ্ধ হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মফিজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে পাঠানোর পরামর্শ দেন। পথে মফিজ মারা যান। পুলিশ সদস্যদের চিকিৎসা টেকনাফেই দেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মফিজ ও তিনজন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। মফিজের শরীরে তিনটি গুলির চিহ্ন দেখা যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, মফিজের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।