টেকনাফে পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২১ হাজার ৪৬৩ ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। আজ শুক্রবার র‌্যাবের টেকনাফ ক্যাম্প-১ স্টেশনের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজন হলেন সব্বির আহমদ (৩৪), হেলাল উদ্দিন (৩২), শাহ মোহাম্মদ (২৫) ও মো. জোবাইর (২২)। র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব টেকনাফের গোদারবিল থেকে ১৮ হাজার ৮৬৩ ইয়াবা বড়িসহ একজনকে এবং একই সময়ে টেকনাফে নাজিরপাড়া ও হ্নীলার দমদমিয়া এলাকা থেকে ২ হাজার ৬০০ ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা বেচাকেনার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই ইয়াবা ব্যবসায়ী।

র‌্যাবের টেকনাফ ক্যাম্প-১ স্টেশনের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, ইয়াবা বেচাকেনার সংবাদের ভিত্তিতে পূর্ব গোদারবিলের অভিযান চালিয়ে পলিথিন ব্যাগসহ টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ার মৃত ফজল আহমদের ছেলে মোহাম্মদ সব্বিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোহাম্মদ ইয়াসিন নামে একজন পালিয়ে যান। এ ঘটনায় ইয়াসিনকে পলাতক আসামি করে মাদক মামলা করা হয়েছে।

ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, নাজিরপাড়া ও হ্নীলার দমদমিয়া এলাকায় পুলিশের তিনটি দল পৃথক অভিযান চালায়। এ সময় ২ হাজার ৬০০ ইয়াবা বড়িসহ হেলাল উদ্দিন, শাহ মোহাম্মদ ও মো. জোবাইরকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।