টেকনাফে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে আরও একজনকে। গতকাল সোমবার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পাঁচটি লম্বা কিরিচ। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে এসব ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে।
নিহত মার্কিন মিয়া (৩০) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে।
নিহত ব্যক্তির পরিবার দাবি করেছে, সদর ইউনিয়নের নাজিরপাড়ার এনামুল হকের সঙ্গে জমি নিয়ে একই এলাকার ছিদ্দিক আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ছিদ্দিক আহমদ ও তাঁর ছেলে ফরিদ আলমের নেতৃত্বে কয়েকজন কিরিচ, দা, রডসহ ধারালো অস্ত্র নিয়ে জমিটি দখল করতে আসে। এ সময় এনামুল হকের বড় ভাই মার্কিন মিয়া ও নুরুল হক এগিয়ে এসে বিষয়টি সালিসে মিটমাট করার কথা বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মার্কিন মিয়া ও নুরুল হকের ওপর ছিদ্দিক আহমদ ও তাঁর ছেলে ফরিদ আলম হামলা চালান। দুজনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাঁদের উপজেলা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার নেওয়ার পথে মার্কিন মিয়া মারা যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা সুলতানা জানান, মার্কিন মিয়ার হাত-পা, পিঠে, গলায় আঘাতের চিহ্ন ছিল।
নিহত মার্কিন মিয়ার ছোট ভাই শাহাবুদ্দিন বলেন, কক্সবাজারে নেওয়ার পথে তাঁর বড় ভাই মার্কিন মিয়া মারা যান। ছোট ভাই নুরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে অভিযুক্ত ছিদ্দিক আহমদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর কোনো লোক জড়িত নয়। জমি দখল করতে এলে দুই পক্ষের লোকজনের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, প্রতিপক্ষের হামলায় মার্কিন মিয়ার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর ইউনিয়ন নাজিরপাড়ার জসিম উদ্দিন, নূর মোহাম্মদ ও তাঁর ভাই সৈয়দ আলম এবং জালাল আহমদকে আটক করা হয়েছে।