টেকনাফে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। তাঁর স্বামী প্রবাসী। গত শনিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে তাঁকে। ধর্ষণের ঘটনায় গতকাল রোববার সকালে গৃহবধূ থানায় মামলা করেছেন।
ওই গৃহবধূ বলেন, একই ইউনিয়নের বাসিন্দা কাশিম তাঁকে মুঠোফোনে উত্ত্যক্ত করতেন। বিভিন্ন সময়ে তাঁকে অনৈতিক প্রস্তাব দেন কাশিম। শনিবার রাতে বাড়ির টিন কেটে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের পর স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে যান কাশিম। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন তিনি।
ওই গৃহবধূর বাবা বলেন, কাশিম প্রভাবশালী ব্যক্তি। ধর্ষণের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে গতকাল দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।