টেকনাফে প্রায় দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নতুন ট্রানজিট ঘাট এলাকা থেকে প্রায় দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল ভোর থেকে নতুন ট্রানজিট ঘাট এলাকায় অবস্থান নেয়। ঘাটের পাশের বেড়িবাঁধ এলাকায় দুজন লোকের হাতে একটি বস্তা দেখতে পেয়ে বিজিবির জওয়ানদের সন্দেহ হয়। তাদের থামতে সংকেত দিলে বস্তাটি ফেলে পাচারকারীরা দৌড়ে পাশের গ্রামে ঢুকে যায়। পরে ওই বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আবুজার আল জাহিদ জানান, ফেলে যাওয়া জালের বস্তা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। এসব ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।