টেকনাফে প্রায় ছয় লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ির একটি চালান জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার খুরেরমুখ উপকূলীয় এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় সাড়ে ১৭ কোটি টাকা। বিজিবির উদ্ধার করা ইয়াবার মধ্যে এটিই সবচেয়ে বড় চালান।
বিজিবির সূত্র বলেছে, মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় ইয়াবার একটি বড় চালান টেকনাফে আনা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষ দল মঙ্গলবার রাত ১২টার থেকে খুরেরমুখ এলাকার ঝাউবাগান পয়েন্টে অবস্থান নেয়। রাত দুইটার দিকে সেখানে একটি নৌকা নোঙর করে। নৌকা থেকে দুজন লোক দুটি বস্তা নিয়ে ঝাউবাগানের দিকে আসতে থাকে। বিজিবির সদস্যরা তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেন। তারা বস্তা দুটি ফেলে নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায়। ফেলে দেওয়া বস্তা দুটি উদ্ধারের পর দেখা যায়, ৫৮টি প্যাকেটের ভেতরে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি রয়েছে।
বিজিবির সূত্র বলেছে, গত ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে বিজিবির সদস্যরা প্রায় সাত লাখ ইয়াবা বড়ি জব্দ করেন। এসব ঘটনায় ২১টি নৌকা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২৩ জনকে।
মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, নাফ নদীর সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার থাকায় এখন পাচারকারীরা বঙ্গোপসাগরে টেকনাফ উপকূলের সৈকতকে ব্যবহার করে ইয়াবার চালান খালাসের চেষ্টা করছে। এখন থেকে সমুদ্রসৈকত এলাকায় বিজিবির টহলের ব্যবস্থা করা হবে।