কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পাঁচটা পর্যন্ত উপজেলার সাবরাং ও হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে সাবরাং এলাকা থেকে ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহ (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে।
বিজিবির ভাষ্যমতে, রোববার রাতে ইজিবাইকে করে একটি ইয়াবার চালান সাবরাং নোয়াপাড়া থেকে টেকনাফ সদরে আনা হবে—এমন তথ্য ছিল তাদের কাছে। এর ভিত্তিতে বিজিবির একটি দল সাবরাং ইউনিয়ন কমপ্লেক্স এলাকার সামনের রাস্তায় রাতে অবস্থান নেয়। রাত আটটার দিকে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে এক যাত্রীর (হাফেজ উল্লাহ) কাছ থেকে ৯ হাজার ৯৬৬ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
অন্যদিকে, গতকাল ভোর পাঁচটার দিকে হ্নীলার ওয়াব্রাং লবণ মাঠ এলাকায় কয়েকজন লোককে দেখতে পায় বিজিবি। দূর থেকে বিজিবির সদস্যদের দেখতে পেয়ে তারা ব্যাগ ফেলে পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আর মালিকহীন অবস্থায় উদ্ধার ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।