টেকনাফে বসতবাড়িতে হামলা, আহত ৩
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বসতবাড়িতে পৃথক হামলা ও লুটপাটের ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় স্বর্ণ, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত দুইটার দিয়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার বাসিন্দা আলী আহমদের বসতবাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। তারা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তা আলী আহমদ (৫২) ও তাঁর ছেলে মাহেদ আলীকে (১৮) মারধর ও ককটেল নিক্ষেপ করে ৫০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়। ককটেল নিক্ষেপের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একই দিন রাত তিনটার দিকে হ্নীলার হোয়াকিয়াপাড়ার সৌদিপ্রবাসী শাহ আলমের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহিণী মনোয়ারা বেগমের (৩৭) কপালে ছুরিকাঘাত করে গলায় থাকা দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত নারীকে উদ্ধার করে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করান।