টেকনাফে বস্তায় মিলল ১৩ লাখ ইয়াবা বড়ি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে চার বস্তা ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। বস্তাগুলোর ভেতরে ১৩ লাখ ইয়াবা ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লে. ডিকসন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার দিবাগত রাত নয়টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়ার নয়াঘাট-সংলগ্ন সমুদ্রসৈকত এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ডিকসন চৌধুরী প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যার দিকে মিয়ানমার থেকে টেকনাফ সমুদ্রসৈকত দিয়ে ইয়াবার একটি বড় চালান আসছে বলে তাঁরা খবর পান। এ খবরের ভিত্তিতে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. নুরুজ্জামান শেখের নেতৃত্বে একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া চারটি বস্তা উদ্ধার করা হয়। পরে ওই বস্তাগুলোর ভেতরে ১৩ লাখ ইয়াবা পাওয়া যায়। তিনি বলেন, পাচারকারীদের থামানোর জন্য কোস্টগার্ড দুটি ফাঁকা গুলি ছুড়েছিল। এরপরও তারা পালিয়ে যায়।
কোস্টগার্ড বলছে, এটি টেকনাফ কোস্টগার্ডের উদ্ধার করা ইয়াবার সবচেয়ে বড় চালান। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক দাম ৬৫ কোটি টাকা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।