টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে যুবলীগ কর্মীকে গুলি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদাবাজারসংলগ্ন এলাকায় গতকাল শনিবার রাত আড়াইটার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মো. ছিদ্দিক (২৫) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, শনিবার রাতে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাদির হোসাইনের ছেলে এবং যুবলীগের কর্মী মো. ছিদ্দিকের ব্যবসাপ্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত এসে দরজা খুলতে ডাকাডাকি করে। এতে তিনি কোনো সাড়া না দেওয়ায় দুর্বৃত্তরা দরজার ছিদ্র দিয়ে ছিদ্দিককে লক্ষ্য করে গুলি করলে সেটা তাঁর পায়ে লাগে। পরে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রতিষ্ঠানে ঢুকে সিদ্দিককে মারধর করে একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন, নগদ ৬৫ হাজার টাকাসহ বিভিন্ন ধরনের মালামাল লুট করে নিয়ে যায়। গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী রোহিঙ্গা বস্তির ক্লিনিকের নৈশপ্রহরীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দক্ষিণ-পশ্চিম পাহাড়ের দিকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে টেকনাফ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহারুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মো. ছিদ্দিককে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
গুলিবিদ্ধ মো. ছিদ্দিক বলেন, ‘প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠানের বেচাকেনা শেষ করে রাতে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে দুর্বৃত্তদের ডাকাডাকিতে ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগে দরজার ছিদ্র দিয়ে গুলি করলে গুলি পায়ে লাগে। এরপর তারা প্রতিষ্ঠানের দরজা ভেঙে ভেতরে ঢুকে মারধর করে নগদ টাকাপয়সাসহ মালামাল নিয়ে যায়। এ সময় পশ্চিম লেদা এলাকার চিহ্নিত ডাকাত দলের সদস্য নুর মো. লোকমান, নুরুল আলম, আবু শামাসহ কয়েকজনকে আমি শনাক্ত করতে পেরেছি।’
গুলিবিদ্ধ ছিদ্দিকের বাবা কাদির হোসাইন জানান, ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। তার পায়ের গুলি বের করার জন্য এখন অস্ত্রোপচার (অপারেশন) করতে হবে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
টেকনাফ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুলিবিদ্ধ মো. ছিদ্দিককে রাতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।