টেকনাফে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার চৌধুরীপাড়া সেতু এলাকায় গতকাল সোমবার রাতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আহত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল রাত সাড়ে সাতটার দিকে উপজেলার হ্নীলা স্টেশনের সিকদার প্লাজার সোমা স্বর্ণালয়ের মালিক মং থোই হ্লা (৪৫) দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে চৌধুরীপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি টেকনাফ-কক্সবাজার সড়কের চৌধুরীপাড়া সেতু এলাকায় পৌঁছালে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা মং থোই হ্লার বাঁ পায়ের ঊরুতে গুলি ও পিঠে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকারভর্তি ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকার ও গুলির শব্দ শুনে পাশের মাছের খামারের ব্যবস্থাপক নুর হোসেন (৪০) এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় নুর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ব্যবসায়ী মং থোই হ্লা বলেন, দোকান বন্ধ করার আগে এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওই কথা-কাটাকাটির জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি জানান, দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শঙ্কর চন্দ্র দেবনাথ বলেন, নুর হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথা, পা ও গালে গুলি লেগেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।