টেকনাফে মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সহযোগীকেও। গতকাল সোমবার উপজেলার হ্নীলার ফুলের ডেইল গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি শামসুল আলম ওরফে রিয়াজ উদ্দিন বাবুল ও তাঁর সহযোগী মো. ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে মজুত করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল ভোরে ফুলের ডেইল গ্রামের এক বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ছয় কেজি গাঁজাসহ রিয়াজ ও ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, রিয়াজ একজন ইয়াবা ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকের পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।