টেকনাফে মানব পাচার মামলার আসামি দুই ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকা থেকে মানব পাচার মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, পুলিশের একটি দল উপজেলার সাবরাং হারিয়াখালী গ্রামে গতকাল ভোরে অভিযান চালায়। এ সময় আবদুস সামাদ ও তাঁর ছোট ভাই আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে।
ওসি জানান, চলতি মাসে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমুদ্রপথে মানব পাচারের বিভিন্ন মামলার আসামিসহ সন্দেহভাজন পাচারকারী হিসেবে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থেকে গ্রেপ্তার: নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামের বাঁশখালী থেকে নুরুল আলম ওরফে বাহাদুর নামে মানব পাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ওই এলাকায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে জানান, বাহাদুর বাঁশখালীর শীর্ষ পাঁচ মানব পাচারকারীর একজন। তার বিরুদ্ধে মানব পাচার আইনে বাঁশখালী থানায় দুটি ও কক্সবাজারের পেকুয়া থানায় একটি মামলা রয়েছে।