টেকনাফে মানব পাচার মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আটটা থেকে গতকাল বুধবার ভোর চারটা পর্যন্ত উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া আবদুর শুক্কুর ও মো. এনাম উল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। তাঁরা র্দীঘদিন ধরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানব পাচার করে আসছিলেন।
টেকনাফ মডেল থানার (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার আজিজুর রহমানের ছেলে আবদুর শুক্কুরকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি বলেন, গতকাল ভোর চারটার দিকে শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার মৃত ঈমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মো. এনাম উল্লাহকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।