কক্সবাজারের টেকনাফের উত্তর লেঙ্গরবিলে আবদুস সালাম (৩০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একই এলাকায় হামলায় আহত এক নারী গতকাল সোমবার মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গরবিল এলাকার হোসেন আহমদ তিন স্ত্রী নিয়ে এক বাড়িতে বসবাস করেন। গত শনিবার রাত আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে হোসেন আহমদ প্রথম স্ত্রী খুরশিদা বেগমকে গালমন্দ করেন। এ সময় তাঁর ছেলে মো. ইউনুছ (১৯) ও রুবেল হোসেন (১৭) ক্ষিপ্ত হয়ে বাবা হোসেন আহমদ ও সৎমা নাছিমা খাতুনকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁদের ছুরিকাঘাত করা হয়। আহত হোসেন আহমদ ও নাছিমা খাতুনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে নাছিমা খাতুন সেখানে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তর লেঙ্গরবিলের আবদুস সালাম (৩০) তীব্র গরমের কারণে রোববার রাতে নির্মাণাধীন বাড়ির ছাদে ঘুমান। দিবাগত রাত তিনটার দিকে চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে আবদুস সালামকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, এ দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।