টেকনাফে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা
কক্সবাজারের টেকনাফে যৌতুকের জন্য ইয়াসমিন আকতার (২২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে পুলিশ গৃহবধূর তাঁর লাশ উদ্ধার করেছে।
ইয়াসমিনের পরিবারের সদস্যরা জানান, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া গ্রামের মৃত আবদুর রহমানে মেয়ে ইয়াসমিন আকতারের (২২) সঙ্গে সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের আমির হামজার ছেলে নুরুল আলমের বিয়ে হয়। বিয়ের পর নুরুল আলম ও পরিবারের লোকজন এক লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় ইয়াসমিনকে নির্যাতন করা হচ্ছিল।
ইয়াসমিনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রোববার রাতে তাঁকে মারধরের পর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন। পরে বাড়ির পাশে একটি আমগাছের ডালে লাশ ঝুলিয়ে রাখা হয়। গতকাল সকালে শ্বশুরবাড়ির লোকজন ইয়াসমিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তাঁর মামা আবদুল করিমকে খবর দেয়। তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আবদুল করিম জানান, বিয়ের পর থেকে নুরুল আলম যৌতুক চেয়ে ইয়াসমিনকে নির্যাতন করে আসছিল। এ ব্যাপারে তিনি বাদী হয়ে নুরুল আলমকে প্রধান আসামি করে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে গতকাল গৃহবধূর স্বামী নুরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, এ ঘটনায় নিহত ইয়াসমিনের মামা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।