টেকনাফে রাজমিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাজারপাড়া এলাকা থেকে গতকাল শনিবার সকালে মোহাম্মদ ছৈয়দ (৩০) নামের এক রাজমিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার সাবরাং ইউনিয়নের বাজারপাড়ায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মোহাম্মদ ছৈয়দের বাড়ি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াপাড়ায়। নির্মাণাধীন বাড়ির মালিক ছৈয়দ নুর সকালে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ ছৈয়দের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেনকে জানান। পরে চেয়ারম্যান থানায় খবর দেন।
ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা ছৈয়দ নুর একটি টিনশেড বাড়ি নির্মাণ করছিলেন। নির্মাণাধীন বাড়ির রাজমিস্ত্রিরা প্রতিদিন কাজ শেষে রাতে লুডু খেলতেন। খেলা নিয়ে নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনার পর থেকে বাকি রাজমিস্ত্রিরা পলাতক।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) সেফায়েত আহমদ বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় দায়ের আঘাতের কয়েকটি চিহ্ন আছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।