টেকনাফে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গুলিবিনিময়ে ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হোয়াইক্যং-বাহারছড়া শামলাপুর সড়কের লাতুরিখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি রোহিঙ্গা নাগরিক হতে পারেন। তিনি অস্ত্রধারী ছিলেন। তিনি ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, তিনটি কার্তুজ ও একটি কমান্ডো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ। তিনি বলেন, র‌্যাবের একটি দল গতকাল লাতুরিখোলা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তি এবং ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তি ও র‌্যাবের দুজনকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খানে আলম প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে সাদাপোশাকে একজন ও পোশাকধারী দুজনকে হাসপাতাল আনা হয়। এর মধ্যে সাদাপোশাকে থাকা ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তবে তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। র‍্যাবের আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

২০১৮ সালের ৪ মে থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু হয়। এরপর থেকে কক্সবাজার জেলায় ২৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু টেকনাফে বন্দুকযুদ্ধে মারা গেছে ১৬৩ জন।