টেকনাফে সন্ত্রাসী হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে চিংড়িঘের দখলে নিতে সন্ত্রাসী হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে। এ সময় দেড় লক্ষাধিক টাকা ও চিংড়ি মাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হোয়াইক্যং মিনাবাজার এলাকার বাসিন্দা মীর কাসেমের মালিকানাধীন চিংড়িঘেরটি দখলে নিতে একই এলাকার মৃত সোলতান আহমদের ছেলে নুরুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ঘেরে বসবাসরত পাহারাদার ও মালিকের ওপর দা, কিরিচ ও লাঠিসোঁটা দিয়ে মারধর ও কুপিয়ে নারীসহ পাঁচজনকে আহত করে দেড় লক্ষাধিক টাকা ও ঘেরের চিংড়ি মাছ লুট করে নিয়ে যায়।
আহত ব্যক্তিরা হলেন ঘেরের মালিক মীর কাসেম (৭২), পাহারাদার নজির হোসেন (৫৫), হোসেন আহমদ (৩৪), মো. কামাল (৩৯) ও তাঁর স্ত্রী রাবেয়া বসরী (৩০)। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
চিংড়িঘেরের মালিক মীর কাসেম জানান, সন্ত্রাসীরা ইতিমধ্যে বেশ কয়েকবার আমার মালিকানাধীন ছয় একরের চিংড়িঘেরটি অবৈধভাবে দখলে নিতে চেষ্টা করে ব্যর্থ হয়ে গতকাল সোমবার সকালে স্থানীয় বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে নুরুল ইসলাম, তাঁর ছেলে মো. ফারুক, মামুনুর রশিদ, মো. হারুন, মেয়ে জামাতা মো. ইব্রাহিম, বাছা মিয়ার ছেলে জিয়াউর রহমান, আবু বক্করের ছেলে জয়নাল উদ্দিন, কবির আহমদের ছেলে আবদুল জলিলসহ ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল আমার চিংড়িঘেরে অবৈধভাবে ঢুকে মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করে আমার কাছে থাকা দেড় লক্ষাধিক টাকা ও চিংড়ি মাছ লুট করে নিয়ে যায়।
নুরুল ইসলাম বলেন, ‘সকালে আমিসহ কয়েকজন লোক মীর কাসেমের ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় কাসেম আমাদের গালমন্দ করে। এ সময় দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।’
হোয়াইক্যং ৫ নং ইউপি সদস্য নুর আহমদ বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঘের নিয়ে ইউনিয়ন পরিষদ ও আদালতে মামলা রয়েছে। কিন্তু গতকাল সকালে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।