টেকনাফে সাংবাদিকদের ওপর হামলা: আরও ২ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ইসমাইল (৩৩) ও আবদুল শুক্কুর (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৩ মে শুক্রবার বিকেলে টেকনাফে বেসরকারি তিনটি টেলিভিশনের পাঁচ সংবাদকর্মীকে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা এ সময় সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়।
সাংবাদিকদের অভিযোগ, ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভুট্টোর নেতৃত্বে এই হামলা চালানো হয়। আহত ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম এ ঘটনায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫জনকে আসামি করা হয়েছিল।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি নুরুল হক ওরফে ভুট্টোর সহযোগী তাঁর চাচাতো ভাই মোহাম্মদ ইসমাঈল ও ফুপাতো ভাই আবদুল শুক্কুর।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এজাহারে নাম থাকা আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, ইসমাইল ও শুক্কুরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরের দিকে কক্সবাজার হাকিম আদালতে পাঠানো হচ্ছে।