টেকনাফে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাঁচ সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে এজাহার মিয়া (৬৫) ও আবুল কাশেম (৫৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, গতকাল ভোররাতে পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে মামলার এজাহারভুক্ত আসামি এজাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রধান আসামি নুরুল হক ওরফে ভুট্টোর বাবা। পরে এই মামলায় আবুল কাশেমকেও গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
গত শুক্রবার টেকনাফে পাঁচ সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা এ সময় সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিকদের অভিযোগ, নুরুল হক ওরফে ভুট্টোর নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় আহত ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম এ ঘটনায় থানায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে।