টেকনাফে সাংসদ বদির মুক্তির দাবিতে ৩০-৪০ জনের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের করা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদির তিন বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ বুধবার টেকনাফে মিছিল হয়েছে। দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার এ মিছিলে ৩০-৪০ জনের মতো লোক জড়ো হয়। তবে এই মিছিলের বিরোধিতা করেছেন উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা।

এ সময় মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃস্থানীয় ব্যক্তিদের চোখে পড়েনি। তবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরসহ বদির কয়েকজন অনুসারীকে দেখা গেছে। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে দক্ষিণে টেকনাফ পৌরসভার বাসস্টেশন নাফ ফিলিং স্টেশন (প্রায় ৪০০ গজ ) এলাকা ঘুরে কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলের স্লোগান ছিল দুদকের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার কর, করতে করতে হবে। বদি ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতিবাজদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন। এরই প্রতিফলন হিসেবে সাংসদ বদির বিরুদ্ধে দুদকের মামলায় বিজ্ঞ আদালতের রায় নিয়ে আওয়ামী লীগের কোনো ধরনের মন্তব্য নেই।
বদির সাজার প্রতিবাদে মিছিল সম্পর্কে নুরুল বশর বলেন, ‘ওই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ছিলেন না। তাঁরা সবাই সাংসদ বদির দেওয়া চাল, ডাল ও বিভিন্ন সময়ে সুযোগ-সুবিধা ভোগকারী। তাঁরা আওয়ামী লীগের কেউ নন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার জরিমানা যথেষ্ট নয়। কারণ, উখিয়া-টেকনাফের জনগণের আশা ছিল বদির আরও বেশি শাস্তি হওয়া প্রয়োজন ছিল। তিনি বলেন, আদালতের রায়ের বিরোধিতা করে আন্দোলন করা আদালত অবমাননার শামিল।