টেকনাফে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার রাতে পৃথক অভিযানে এক লাখ ১৭ হাজার ৫১২টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে ৪২ বিজিবির সদস্যরা টেকনাফের সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ার ৪ নম্বর স্লুইসগেটসংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালান। সেখানে বস্তাবন্দী অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়।

গতকাল রাত সাড়ে আটটার দিকে বিজিবির সদস্যরা নাফ নদীর জলিলের দিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭১ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেন।

রাত ১০টার দিকে সাবরাং নয়াপাড়া এলাকায় নাফ নদীর বেড়িবাঁধের ৫ নম্বর স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি। একই সময় সাবরাং নয়াপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে মোহাম্মদ হানিফের বাড়ি থেকে পাঁচ হাজার ৯১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হানিফ ও তাঁর স্ত্রী সালমা খাতুনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। তাঁরা পলাতক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ প্রথম আলোকে বলেন, পৃথক ঘটনায় আটক ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। ইয়াবাগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।