টেকনাফে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবা বড়ি ও তিনটি ট্রলারসহ ২০ জনকে আটক করেছে র্যাব ও বিজিবি।
র্যাব সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে গত রোববার থেকে র্যাবের একটি দল সেন্ট মার্টিনে অবস্থান নেয়। গতকাল মঙ্গলবার সকালে তিনটি স্পিডবোট নিয়ে র্যাবের সদস্যরা সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান নেন। দুপুরে একটি ট্রলার আসতে দেখে সেটিকে থামার সংকেত দেন র্যাবের সদস্যরা। এ সময় ট্রলারটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নাফ নদীর মোহনায় ১২ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে তিন লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, দেশে আটক করা ইয়াবা চালানের মধ্যে এটি সবচেয়ে বড়। আটক করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। তিনি জানান, আটক করা ট্রলারটিতে এফ বি রাশেদ লেখা থাকলেও কাগজপত্রে লেখা আছে এফ বি ফাহমিদা। মাঝিমাল্লারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা ইয়াবার চালানটি মিয়ানমার থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান আসছে—এমন খবরের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিজিবির একটি দল স্পিডবোট নিয়ে নাফ নদীর মোহনায় অবস্থান নেয়। বিজিবির সদস্যরা নাফ নদীর বদর মোকাম মোহনায় দুটি ট্রলারকে থামার সংকেত দেন। কিন্তু সংকেত উপেক্ষা করে ট্রলার দুটি পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করে আটজন মাঝিমাল্লাসহ ট্রলার দুটি আটক করেন। পরে ট্রলার দুটি থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি ও ১০টি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের সবার বাড়ি মিয়ানমারে বলে জানা গেছে।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, আটক করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।