টেকনাফে সাড়ে ৯ কেজি চোরাই সোনা উদ্ধার, আটক ১
সোনা চোরাচালানের অভিযোগে কক্সবাজারের টেকনাফের জুয়েলারি দোকানের এক মালিককে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত ব্যবসায়ী মং মং সেনের জুয়েলারি দোকান ও বাড়িতে অভিযান চালায় বিজিবি ও পুলিশ।
বিজিবি বলছে, মং মং সেনের কাছ থেকে সাড়ে নয় কেজি চোরাই সোনা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে ৪২ লাখ ৫৮ হাজার ৭৬৭ টাকা, মিয়ানমারের ৫২ হাজার ৫০০ কিয়াত (মুদ্রা) ও ভারতীয় রুপি পাওয়া গেছে। উদ্ধার করা সোনার মূল্য প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা।
মং মং সেন টেকনাফের সাংসদ আবদুর রহমান বদির আত্মীয়। এর আগে ২০১৪ সালে ইয়াবা বড়ি পাচারের অভিযোগে মং মং সেনকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে বেরিয়ে আসেন।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা ব্যবসায়ীর তালিকার মং মং সেনের নাম রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হুন্ডি ব্যবসারও অভিযোগ রয়েছে।
টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ গতকাল রাতে সাংবাদিকদের বলেন, মং মং সেন সোনা চোরাচালান ও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত এমন তথ্যের ভিত্তিতে পৌরসভার চৌধুরীপাড়ায় তাঁর দোকান ও বাড়িতে অভিযান চালানো হয়। একটি তিনতলা ভবনের নিচতলায় মং মং সেনের জুয়েলারি দোকান। দ্বিতীয় তলায় পরিবার নিয়ে তিনি থাকেন। উদ্ধার করা স্বর্ণালংকার শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।
লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, মং মং সনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, বিজিবি মং মং সেনকে থানায় হস্তান্তর করেছে।