টেকনাফে সাত লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে সাত লাখ মিটার কারেন্ট জালসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল রোববার ভোর চারটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার হেচ্ছারখাল এলাকায় অভিযানে কারেন্ট জাল জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে কারেন্ট জালের একটি বড় চালান টেকনাফে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর সীমান্তচৌকির একটি দল পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোরে বিজিবির সদস্যরা একটি মিনি ট্রাক দেখতে পেয়ে তা থামতে সংকেত দেন। এ সময় ট্রাকটি সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির সদস্যরা ধাওয়া দিলে হেচ্ছারখাল এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যান আরোহীরা। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে সাত লাখ মিটার (৩৩৫ কেজি) অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল ও ট্রাকটি টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।