টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বিজিবির ভাষ্যমতে, একটি ইয়াবার বড় চালান অটোরিকশাযোগে সাবরাং থেকে টেকনাফের দিকে যাচ্ছে, এমন খবরের ভিত্তিতে গতকাল সকালে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি দল সাবরাং-টেকনাফ সড়কের আলীর ডেইল নামক এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির সদস্যরা একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও অটোরিকশাকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল আরোহী বিজিবির সদস্যকে গাড়িচাপা দেওয়া চেষ্টা করে পালিয়ে যায়। ওই সুযোগে কক্সবাজার ত-১১-৩৩০৮ নম্বরের গাড়িতে থাকা চালক ও একজন যাত্রী কৌশলে গাড়িটি ফেলে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পড়ে। পরে ওই অটোরিকশাটি তল্লাশি করে সেখান থেকে একটি ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য সোয়া এক কোটি টাকা। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।