টেকনাফে সোয়া ২ লাখ ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার ভোররাতে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া একই সময়ে ছেঁড়াদিয়া থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দক্ষিণে একটি ট্রলার থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে ট্রলারসহ ১৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির সদস্যরা নাফ নদীর তীরে নাইট্যংপাড়ার প্যারাবনে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর একটি নৌকা তীরের কাছাকাছি আসে। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে আরোহীরা পালিয়ে যান। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। একই রাতে সাবরাংয়ের নয়াপাড়ার ৫ নম্বর স্লুইসগেট এলাকার বেড়িবাঁধ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।