টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে একটি নৌকা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
বিজিবির সূত্র জানায়, শুক্রবার উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাংয়ের ২ নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা সীমান্তচৌকির নায়েক সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকার প্যারাবনে অবস্থান নেয়। শুক্রবার দিবাগত রাত একটার দিকে একটি নৌকা নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে টেকনাফের কাছাকাছি এলে বিজিবির সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তখন পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।