টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা বড়িসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।
গতকাল বুধবার ভোর সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদীর হেচ্ছারখাল ও নাইট্যংপাড়া সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো এলাকায় এসব অভিযান চালানো হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
আটক হওয়া মো. আয়াছ উদ্দিনের (২৮) বাড়ি মিয়ানমারের মংডু শহরে।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষ দল টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া হেচ্ছারখাল-সংলগ্ন এলাকায় নাফ নদীতে টহল দিচ্ছিল। সন্দেহ হওয়ায় বিজিবির দলটি একটি নৌকাকে থামতে সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে নৌকাটি থামানো হয়। এ সময় নৌকায় থাকা মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে মাছধরার নৌকায় ইয়াবার একটি বড় চালান টেকনাফে আনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো-সংলগ্ন নাফ নদীর পয়েন্টে অবস্থান নেয়। ভোর সাড়ে তিনটার দিকে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা আসতে থাকে। নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশের সময় নৌকাটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় নৌকা থেকে দুজন লোক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে প্যারাবনে ঢুকে পড়ে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। এসব ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ইয়াবাসহ আটক আয়াছ উদ্দিনকে বিজিবি থানায় সোপর্দ করেছে।