টেকনাফে ১০ শিক্ষার্থীকে শিক্ষকের বেত্রাঘাত
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেছেন।
গতকাল বৃহস্পতিবার অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গাপূজার ছুটি থাকলেও আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কারণে গত বুধবার সকালে বিদ্যালয়ে কোচিং ক্লাস চলছিল। মডেল টেস্টে ইংরেজিতে নম্বর কম পাওয়ায় শিক্ষক এনাম উল্লাহ ওই কোচিং ক্লাসে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন।
অভিভাবকেরা জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাফেজ উল্লাহ, মো. সাদেক, মো. আইয়ুব, মো. হোসাইন, আহমদ উল্লাহ, মো. আয়াছ, আমেনা বেগম, খতিজা আক্তার, রুবিনা আক্তার ও আনারকলি বেত্রাঘাতের শিকার হয়।
বেত্রাঘাতের শিকার রুবিনা আক্তার বলে, বেত্রাঘাতের কারণে তার পুরো শরীরে ব্যথা করছে। এ কারণে বসে লেখাপড়া করতে তার কষ্ট হচ্ছে।
অভিভাবক আবদুর রশিদ বলেন, বেত্রাঘাতের শিকার শিক্ষার্থীদের পল্লিচিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, অভিভাবকদের কাছে শুনে তিনি শিক্ষার্থীদের দেখতে গেছেন। শিক্ষার্থীদের হাতে ও শরীরে বেত্রাঘাতের চিহ্ন আছে।
শিক্ষক এনাম উল্লাহ বলেন, ‘রাগের মাথায় শিক্ষার্থীদের মারধর করেছি। বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের নিয়ে এ ব্যাপারে সমঝোতার চেষ্টা চলছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, শিক্ষক এনাম উল্লাহ হয়তো না বুঝে এ কাজ করেছেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ বোস বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।