টেকনাফে ১০টি সোনার বারসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় ১০টি সোনার বারসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের নাগরিক মো. আরাফাত (২৬) ও মো. রফিক (২৮) এবং মো. উসমান (৫২)। উসমানের বাড়ি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া গ্রামে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন প্রায় ১ কেজি ৭০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। সোনার বারগুলো টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে একটি সোনার চালান চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে—বুধবার রাত আটটার দিকে এমন তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ও উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে দুটি দল টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দমদমিয়ার তল্লাশিচৌকি এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. আরাফাত ও মো. রফিককে আটক করা হয়। তাঁদের ঊরুর সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ছয়টি সোনার বার পাওয়া যায়। আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে বিজিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে দমদমিয়ার তল্লাশিচৌকি এলাকায় টেকনাফ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বিজিবি। ওই সময় মো. উসমান নামের এক যাত্রীর ঊরুর সঙ্গে বাঁধা অবস্থায় চারটি সোনার বার পাওয়া যায়। আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, এ দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে।
লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, একটি সোনা চোরাচালান সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে সোনার চালান এনে বিভিন্ন কৌশলে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচার করছে।