টেকনাফে ১০টি সোনার বারসহ বাসযাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে আজ সোমবার সকালে ১০টি সোনার বারসহ মো. ইদ্রিস (৩০) নামের এক বাসযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আজ সকাল ছয়টার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দমদমিয়ার তল্লাশিচৌকি এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন এক যাত্রীর প্যান্টের পকেট ও কোমরে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং উত্তর নয়াপাড়ায়।
বিজিবি জানায়, আটক ব্যক্তি টেকনাফের চোরাচালান চক্রের সদস্য। তিনি স্বীকার করেছেন, আগেও তিনি চট্টগ্রামে সোনাসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন। পরে জামিনে বের হন। আজ জব্দ করা সোনার বারগুলোতে মিয়ানমারের ভাষা খচিত আছে। ধারণা করা হচ্ছে, ওই সোনার বারগুলো চোরাচালান চক্রের মাধ্যমে মিয়ানমার থেকে টেকনাফে আসে। এরপর তা টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।