টেকনাফে ১৭টি অস্ত্র ও ৪৪২ রাউন্ড গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ১৭টি অস্ত্র ও ৪৪২ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে পৌর এলাকার পল্লানপাড়ায় এই অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) একটি দল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭-এর কক্সবাজারের আঞ্চলিক কমান্ডার মেজর রুহুল আমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৫টি ওয়ান শুটারগান ও দুইটি পিস্তল। এসব অস্ত্র সন্ত্রাসী ও রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দলের। গ্রেপ্তার হওয়া ফরিদ আলম (৩৫) ও শামশুল আলম (২৫) হাকিমের সহযোগী। তাঁদের বাড়ি টেকনাফে। দুজনের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মেজর রুহুল আমিন আরও বলেন, ডাকাত আব্দুল হাকিমের সহযোগীরা টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার একটি বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়েছে।