টেকনাফে ২ রোহিঙ্গাসহ ছয়জন আটক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল গ্রাম থেকে দুজন রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন দালাল রয়েছে। সমুদ্রপথে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য জড়ো করা হচ্ছিল।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ প্রথম আলোকে বলেন, বুধবার রাতে বাহারছড়ার বড়ডেইল গ্রামে নুরুল আমিনের বাড়িতে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর জন্য কিছু লোককে জড়ো করা হয়। এমন তথ্য পেয়ে ওই বাড়িতে অভিযানে চালিয়ে দুজন রোহিঙ্গা নাগরিকসহ ছয়জনকে আটক করা হয়। এঁদের মধ্যে একজন দালাল। তিনি ওই বাড়ির মালিক। এ সময় আরও ১০-১২ জন লোক পালিয়ে যায়।
আটক ব্যক্তি হলো দালাল টেকনাফের বাহারছড়ার বড়ডেইলের মো. ইসমাইলের ছেলে নুরুল আমিন ওরফে নুর আলম (৪০)। যাত্রীরা হলো রামুর খুনিয়াপালংয়ের তাইগা কাটা গ্রামের মো. ছৈয়দ হোসেন (৩৯), মো. আলম (১৬), উখিয়ার রাজাপালংয়ের পুকুরিয়া গ্রামের আলী হোসেন (৪৫), উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের মো. হোছেনের ছেলে মো. হারুন মিয়া (২০) ও মো. আবু তাহেরের ছেলে জিয়াউল হক (১৯)।
পুলিশ হেফাজতে থাকা রোহিঙ্গা মো. হারুন মিয়া বলেন, গত সেপ্টেম্বরে পরিবারের নয়জন সদস্যকে নিয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেন। ওই শিবিরে কামাল নামে এক রোহিঙ্গা দালাল সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে। জনপ্রতি ১ লাখ ৮০ হাজার থেকে দুই লাখ টাকায় ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা হয়। এরপর কামাল অগ্রিম ১০ হাজার টাকা করে নেয়। অবশিষ্ট টাকা মালয়েশিয়া পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। দুই দিন আগে কামাল ১৫ জনকে বাহারছড়ার নুরুল আমিন ওরফে নুর আলমের বাড়িতে নিয়ে আসেন। সেখানে স্থানীয় দালাল আজিজ, জালাল, মো. উল্লাহ ও বেলাল নামে আরও কয়েকজন তাদের সঙ্গে জড়িত রয়েছে।
হারুন আরও বলেন, এর মধ্যে আরও কিছু লোকজন জড়ো করে আগামীকাল শুক্রবার রাতে তাদের সাগরে অবস্থানরত ট্রলারে তুলে দেওয়া কথা ছিল।
হারুনের প্রশ্ন, পালিয়ে যদি মিয়ানমার থেকে বাংলাদেশে আসা যায়। তাহলে সমুদ্রপথে কেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া যাবে না?
দালাল নুরুল আমিন ওরফে নুর আলম বলেন, ‘আমি দালাল নই। কিন্তু স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান, জালাল আহমদ, মো. উল্লাহ, মো. বেলাল হোসেনসহ কয়েকজন ওই লোকগুলোকে বাড়িতে রাখলে একটি চালের বস্তা দেবে বলে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী ব্যক্তি। তাদের নৌকা রয়েছে। তারা প্রতিদিন নৌকায় করে টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা পারাপার করে আসছে। তাদের এলাকায় মালয়েশিয়ার দালাল বলে পরিচিতি রয়েছে।’
পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে দুজন রোহিঙ্গাসহ পাঁচ যাত্রী ও এক দালালকে আটক করা হলেও আরও ১০-১২ পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, আবারও দালালেরা সমুদ্রপথে মালয়েশিয়া মানব পাচারের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের আগামীকাল কক্সবাজার আদালতে পাঠানো হবে।