টেকনাফে ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ, গ্রেপ্তার ১
কক্সবাজারের টেকনাফ থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ভাঙ্গা এলাকা থেকে ইয়াবার চালানটি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাজু শীল (৪০)। তাঁর বাড়ি টেকনাফ সদরের ডেইলপাড়ায়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন ইয়াবার একটি চালান সদর ইউনিয়নের আড়াই নম্বর স্লুইসগেট-সংলগ্ন ভাঙা এলাকা দিয়ে পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর চৌকির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি টহলদল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নাফ নদীর কেওড়া বাগান-সংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত ১১টার দিকে তিনজন লোক পিঠে ব্যাগ নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল। বিজিবি সদস্যদের দেখে তারা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে রাজু শীলকে ধরতে সক্ষম হন। অপর দুজন অন্ধকারে গ্রামে ঢুকে পালিয়ে যায়। ওই ব্যাগগুলোতে ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে আরও বলেন, রাজু শীলকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পারেন পালিয়ে যাওয়া দুজন হলো কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মো. আজিজ (২৫) ও টেকনাফের নাজিরপাড়ার মো. ইমাম হোসেন (২৩। রাজুকে টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
টেকনাফ মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আসামিকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।